
চাঁদা দিতে অস্বীকার করায় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। শনিবার (২৭ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে রাজধানীর ইসিবি চত্বরের নিউগ্রিনি প্রপার্টিজে এ ঘটনা ঘটে।
অভিযোগ রয়েছে, হামলাকারীরা স্টুডিওর সিসি ক্যামেরা, বিভিন্ন যন্ত্রপাতি, মোবাইল ফোন ও মানিব্যাগ নিয়ে যায়। একই সঙ্গে স্টুডিওর বিভিন্ন আসবাব ও সরঞ্জাম ভাঙচুর করে।
ক্যান্টনমেন্ট থানার পুলিশ জানিয়েছে, জায়গা দখলকে কেন্দ্র করে ইসিবি চত্বরে একটি অফিসে হামলার ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় ছোরাসহ দুজনকে আটক করা হয়। ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
সালমান মুক্তাদিরের অভিযোগ, বিএনপির লোকজন তার কাছে চাঁদা দাবি করেছিলেন। চাঁদা দিতে অস্বীকৃতি জানানোয় তার স্টুডিওতে হামলা ও ভাঙচুর করা হয়েছে বলে দাবি করেন তিনি। ঘটনার সময় তিনি ঢাকায় ছিলেন না। পরে ঢাকায় ফিরে স্টুডিও পরিদর্শন করে ফেসবুক লাইভে ক্ষয়ক্ষতির চিত্র তুলে ধরেন।
স্টুডিওর এক কর্মকর্তার দাবি, হামলার সময় প্রায় ১০০ থেকে ১৫০ জন সেখানে ঢুকে ভাঙচুর শুরু করে। তাদের কয়েকজনের হাতে চাপাতি ও আগ্নেয়াস্ত্র ছিল বলেও তিনি দাবি করেন। পরিস্থিতি দেখে স্টুডিওর কর্মকর্তারা টয়লেটে আত্মগোপন করেন। পরে হামলাকারীরা সেখানে গিয়ে অস্ত্রের ভয় দেখিয়ে তাদের কাছ থেকে মোবাইল ফোন ও মানিব্যাগ নিয়ে যায় বলে অভিযোগ করা হয়েছে।
স্টুডিওর প্রয়োজনীয় বিভিন্ন যন্ত্রপাতিও নিয়ে যাওয়ার অভিযোগ রয়েছে। তবে এ ঘটনায় স্টুডিওর কোনো কর্মকর্তা বা কর্মচারী আহত হননি বলে জানা গেছে।